​বেনাপোলে গভীর রাতে শ্রমিক নেতার বাড়ির সামনে বোমা হামলা, আহত ২

প্রকাশিত: 10:36 am , 24 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে গভীর রাতে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমানের (তবি) বাড়ির সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তাঁর সঙ্গী লোকমান হোসেন আহত হয়েছেন। ​মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা।

​আহত তবিবুর রহমান জানান,নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সীমান্ত এলাকা পাহারা শেষে তাঁরা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বোমার আঘাতে তবিবুর ও লোকমানের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারণ সরকারি হাসপাতাল)-এ ভর্তি করেন।

​সাম্প্রতিক সময়ে বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে এ হামলা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে গত রোববার (২২ নভেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ শ্রমিক নেতারা।

​ঘটনার বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, “আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন সন্ত্রাসী ঘটনা ঘটে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

​গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় ছোট আঁচড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক, উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা দ্রুত তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা জানতে চাইলে বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার এসআই নজিবুল্লাহ জানান,এ ব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ নামা দায়ের হয়নি।

মন্তব্য লিখুন

আরও খবর