প্রায় ছয় হাজার কিলোমিটারেরও বেশি পথ, একাধিক আন্তর্জাতিক সীমান্ত, বিস্তীর্ণ মরুভূমি, পাহাড়ি সড়ক আর পবিত্র নগরীর আধ্যাত্মিক আবহ—প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এক স্মরণীয় সড়ক সফর।
ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয়; কখনো কখনো পথটাই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ। অচেনা সড়ক, এক দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে প্রবেশ, মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর, পাহাড়ি পথ, নতুন শহরের জীবনযাত্রা আর পথের মাঝে মানুষের আন্তরিকতা—এসব অভিজ্ঞতা ভ্রমণকে দেয় ভিন্ন এক মাত্রা। আর সেই যাত্রার শেষ প্রান্তে যদি থাকে পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য, তাহলে সফরটি হয়ে ওঠে আরও অর্থবহ, আবেগঘন ও স্মৃতিময়।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহর থেকে নিজের গাড়ি চালিয়ে কাতারের রাজধানী দোহা, সৌদি আরবের দাম্মাম, মদিনা মুনাওয়ারা, পবিত্র মক্কা নগরী ও ঐতিহাসিক তায়েফ ঘুরে আবার ফুজাইরায় ফিরে আসা—দীর্ঘ এই সড়ক সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। বিভিন্ন রুটের আনুমানিক দূরত্ব হিসাব করলে সফরটি ছয় হাজার কিলোমিটারেরও বেশি পথজুড়ে বিস্তৃত ছিল।
ফুজাইরা থেকে দোহা : তিন দেশের সড়কপথে এক যাত্রা
সফরের শুরু সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহর থেকে। নিজের গাড়ি নিয়ে সড়কপথে যাত্রা শুরু করে সৌদি আরবের ভূখণ্ড অতিক্রম করে পৌঁছাই কাতারের রাজধানী দোহায়। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যে সরাসরি স্থলসীমান্ত না থাকায় সৌদি আরবের মধ্য দিয়ে পথ পাড়ি দিতে হয়। এই যাত্রায় সংযুক্ত আরব আমিরাতের আল-বাথা সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ এবং সৌদি আরবের সালওয়া ও কাতারের আবু সামরা সীমান্ত অতিক্রম করে দোহায় পৌঁছানোর পথ ব্যবহৃত হয়।
ফুজাইরা থেকে দোহা পর্যন্ত সড়কপথের দূরত্ব রুটভেদে আনুমানিক ৯০০ থেকে এক হাজর কিলোমিটার হতে পারে। সীমান্তের আনুষ্ঠানিকতা, যানবাহনের কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় বিরতির কারণে যাত্রার সময় আরও দীর্ঘ হয়। তিন দেশের ভূখণ্ড অতিক্রম করে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছানো এই সফরের প্রথম বড় অভিজ্ঞতা।
দোহায় তিন দিন অবস্থান করি। এই সময় পরিচিতজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, আড্ডা এবং কাতারের পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ হয়। প্রবাস জীবনে পরিচিত মানুষের সঙ্গে দেখা হওয়া, তাদের আন্তরিক সান্নিধ্যে কিছু সময় কাটানো এবং ভিন্ন দেশের জীবনযাত্রা কাছ থেকে অনুভব করা সবসময়ই আনন্দের।
দোহা থেকে দাম্মাম : মরুভূমির দীর্ঘ মহাসড়ক
কাতারে তিন দিনের অবস্থান শেষে আবারও গাড়ি নিয়ে সড়কপথে সৌদি আরবের দাম্মাম শহরের উদ্দেশ্যে যাত্রা করি। কাতারের আবু সামরা সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের সালওয়া দিয়ে প্রবেশ করে পূর্বাঞ্চলের মহাসড়ক ধরে দাম্মামের দিকে এগিয়ে যাই। দোহা থেকে দাম্মাম পর্যন্ত সড়কপথের দূরত্ব আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার।
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, দীর্ঘ মহাসড়ক, মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর আর পথের বিচিত্র অভিজ্ঞতা সফরটিকে ক্রমেই আকর্ষণীয় করে তুলছিল। দাম্মাম শহরে পৌঁছে সেখানে আরও তিন দিন অবস্থান করি। এরপর শুরু হয় সফরের সবচেয়ে প্রত্যাশিত অধ্যায়—পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা ও মক্কার পথে যাত্রা।
দাম্মাম থেকে মদিনা : দীর্ঘ পথের শেষে প্রশান্তির শহর
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে পশ্চিমাঞ্চলের পবিত্র মদিনা মুনাওয়ারার পথে যাত্রা ছিল সফরের অন্যতম দীর্ঘ সড়ক অধ্যায়। দুই শহরের মধ্যে সড়কপথের দূরত্ব রুটভেদে আনুমানিক ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার। বিস্তীর্ণ মরুভূমি, দীর্ঘ মহাসড়ক এবং বিভিন্ন জনপদ অতিক্রম করে অবশেষে পৌঁছাই মদিনায়।
সেখানে দুই রাত ও তিন দিন অবস্থান করার সুযোগ হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শহর মদিনার শান্ত, স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ হৃদয়ে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। পবিত্র রওজা মুবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায় এবং নিজের, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ।
মদিনার সেই প্রশান্তিময় মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরদিন অমলিন হয়ে থাকবে। দীর্ঘ পথের ক্লান্তি যেন এই পবিত্র শহরের শান্ত পরিবেশে এসে অনেকটাই প্রশমিত হয়ে যায়।
মদিনা থেকে মক্কা : পবিত্র ওমরাহর পথে
মদিনায় অবস্থান শেষে যাত্রা করি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। মদিনা থেকে মক্কা পর্যন্ত সড়কপথের দূরত্ব আনুমানিক ৪৩৫ থেকে ৪৪০ কিলোমিটার। দীর্ঘ মহাসড়ক ধরে এগিয়ে চলা এই পথ দুই পবিত্র নগরীর মধ্যে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
মক্কায় পৌঁছে মহান আল্লাহর অশেষ রহমতে পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, একের পর এক শহর ও ভূখণ্ড অতিক্রম করে আল্লাহর পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে ওমরাহ সম্পন্ন করতে পারার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সফরের প্রতিটি ধাপ যেন শেষ পর্যন্ত এক গভীর আত্মিক প্রাপ্তির দিকে নিয়ে গেছে।
দীর্ঘ সড়কযাত্রা, নতুন শহরের অভিজ্ঞতা, পথের ক্লান্তি আর হৃদয়ের আকাঙ্ক্ষা—সবকিছু মিলিয়ে পবিত্র ওমরাহ পালনের মুহূর্তটি হয়ে ওঠে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়।
মক্কা থেকে তায়েফ : পাহাড়ি জনপদের ভিন্ন সৌন্দর্য
পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে ঐতিহাসিক পাহাড়ি শহর তায়েফ হয়ে আবারও সড়কপথে দাম্মাম শহরে ফিরে আসি। মক্কা থেকে তায়েফের সড়ক দূরত্ব আনুমানিক ১০০ থেকে ১২০ কিলোমিটার। হেজাজ পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত তায়েফ সৌদি আরবের অন্যতম পরিচিত পাহাড়ি শহর। এখানকার পাহাড়ি ভূপ্রকৃতি, উচ্চতার পরিবর্তন, বাঁকানো সড়ক ও প্রাকৃতিক দৃশ্য মরুভূমির সমতল মহাসড়কের তুলনায় এক ভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা এনে দেয়।
তায়েফের পাহাড়ি পরিবেশ, পথের সৌন্দর্য এবং ভিন্ন ভূপ্রকৃতি দীর্ঘ সফরের মধ্যে নতুন মাত্রা যোগ করে। এরপর তায়েফ থেকে দাম্মামের উদ্দেশ্যে দীর্ঘ সড়কযাত্রা শুরু করি। এই পথের দূরত্ব রুটভেদে আনুমানিক ১ হাজার ১ হাজর ৪৫০ থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার হতে পারে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবারও দাম্মাম শহরে ফিরে আসি।
দাম্মামে একদিন অবস্থান শেষে আবারও গাড়ি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দাম্মাম থেকে ফুজাইরা পর্যন্ত সড়কপথের দূরত্ব রুটভেদে আনুমানিক ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার। আন্তর্জাতিক সীমান্ত ও দীর্ঘ মহাসড়ক পেরিয়ে অবশেষে আলহামদুলিল্লাহ, নিরাপদে ফুজাইরা শহরে এসে পৌঁছাই।
পথের গল্প, ভূগোল ও মানুষের আন্তরিকতা
পুরো সফরে সড়কপথে বিভিন্ন দেশের ভৌগোলিক বৈচিত্র্য, সড়ক অবকাঠামো, সীমান্ত ব্যবস্থাপনা, মরুভূমির বিস্তীর্ণ দৃশ্য, পাহাড়ি জনপদ ও শহুরে জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার—এই তিন দেশের ভূখণ্ডে সড়কপথে চলাচলের অভিজ্ঞতা ভ্রমণের পরিধিকে আরও বিস্তৃত করেছে।
সড়কপথের ভ্রমণে প্রতিটি গন্তব্যের পাশাপাশি পথের দৃশ্যও আলাদা করে উপভোগ করা যায়। কখনো দিগন্তজোড়া মরুভূমি, কখনো দীর্ঘ মহাসড়ক, কখনো পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা পথ—সবকিছু মিলিয়ে ভ্রমণ যেন এক চলমান অভিজ্ঞতার নাম। পথের প্রতিটি বাঁক, প্রতিটি নতুন দৃশ্য এবং ভিন্ন দেশের পরিবেশ নিজের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করেছে নতুন কিছু।
প্রবাস জীবনে কাজ, দায়িত্ব ও ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই ভ্রমণের প্রতি ভালোবাসা আমাকে নতুন পথের সন্ধান দেয়। তবে এই সফর নিছক ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নয়; এর সঙ্গে যুক্ত ছিল মানুষের আন্তরিকতা, নতুন ভূখণ্ডের পরিচয়, দীর্ঘ পথের ধৈর্য, অভিজ্ঞতার পরিধি বাড়ানো এবং সর্বোপরি পবিত্র ওমরাহ পালনের মতো এক মহিমান্বিত প্রাপ্তি।
ভ্রমণ কখনো মানুষকে নতুন স্থান চেনায়, কখনো নতুন মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে, আবার কখনো নিজের ভেতরটাকেও নতুন করে উপলব্ধি করার সুযোগ এনে দেয়। এই দীর্ঘ সড়ক সফরও তেমনই একটি অভিজ্ঞতা, যেখানে পথ, মানুষ, প্রকৃতি, শহর ও আধ্যাত্মিক অনুভূতি একসূত্রে গাঁথা হয়ে আছে।
দীর্ঘ এই সফরের প্রতিটি গন্তব্যে নিরাপদে পৌঁছানো, বিভিন্ন দেশের সড়কপথে ভ্রমণের সুযোগ পাওয়া এবং পবিত্র ওমরাহ সম্পন্ন করে আবার কর্মস্থলে ফিরে আসতে পারার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার দরবারে লক্ষ কোটি শুকরিয়া।
ফুজাইরা থেকে শুরু, পথের গল্পে দোহা, দাম্মাম, মদিনা, মক্কা ও তায়েফ; আর শেষ প্রত্যাবর্তন আবার ফুজাইরায়। দীর্ঘ পথের এই সফর শেষ হলেও এর স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা থেকে যাবে বহুদিন। আলহামদুলিল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত