দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতা সৃষ্টি নয়, কার্যকর প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবি জানিয়েছে খাগড়াছড়ির নারী অধিকার ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটি কার্যকর করা, খাগড়াছড়ি সদর হাসপাতালে বিশেষায়িত জেন্ডারভিত্তিক সহিংসতা জরুরি সেবাকক্ষ (জিবিভি ইমার্জেন্সি রেসপন্স রুম) প্রতিষ্ঠা, মাতৃভাষায় আইনি সহায়তা এবং সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতসহ নয় দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মী নিধি চাকমা। এতে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ক্ষমতার অসমতা, লিঙ্গবৈষম্য, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশ। পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও মানব পাচারের মতো ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
বক্তব্যে আরও বলা হয়, সহিংসতার শিকার হওয়ার পরও অনেক নারী ও শিশুকে সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং ভুক্তভোগীকে দোষারোপের শিকার হতে হয়। অন্যদিকে প্রয়োজনীয় চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও নিরাপদ আশ্রয়ের সীমিত সুযোগ তাঁদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন করে তুলছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, ভাষাগত প্রতিবন্ধকতা এবং সেবাপ্রাপ্তির সীমাবদ্ধতা এ সংকটকে আরও জটিল করে তুলেছে।
উত্থাপিত নয় দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ও জবাবদিহিমূলক করা; খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরাপদ ও গোপনীয় জিবিভি জরুরি সেবাকক্ষ প্রতিষ্ঠা; ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম গতিশীল করা; সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সমন্বিত চিকিৎসা, আইনি, মনোসামাজিক ও নিরাপদ আশ্রয়সেবা নিশ্চিত করা; দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার প্রতিষ্ঠা; ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাতৃভাষায় সেবা ও আইনি সহায়তা প্রদান; বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ; ভুক্তভোগীকে দোষারোপ ও সামাজিক অপবাদের সংস্কৃতি বন্ধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কমিটিগুলোর কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও জবাবদিহির আওতায় আনা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি তাঁদের মৌলিক অধিকার। এ অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সবার। প্রতিরোধ কমিটিগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করুন।’
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ নভেম্বর সকাল ৯টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে মানববন্ধন ও সেমিনারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ৩০ নভেম্বর বিকেলে খাগড়াপুরের উইমেন রিসোর্স সেন্টারে দক্ষিণ এশীয় নারী দিবস উপলক্ষে নারী অধিকারকর্মী কমলা ভাসিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রদীপ প্রজ্বালন করা হবে।
এ ছাড়া ৪ ও ৫ ডিসেম্বর সহিংসতার শিকার নারীদের কেস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে ১৬ দিনের কর্মসূচি শেষ হবে।
প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য ও উইমেন রিসোর্স নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী নমিতা চাকমা। সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সভাপতি এবং কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা। সঞ্চালনা করেন কেএমকেএসের কর্মী পিংকি বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য ও তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, কমিটির সদস্য ও মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী ত্রিণা চাকমা। এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির মল্লিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির উদ্যোগে এবং নারী অধিকার, মানবাধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা বিভিন্ন স্থানীয় সংগঠনের সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়িত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত