গোপালগঞ্জে বাড়ি ও ভোটার ঠিকানা হলেও দেশের বিভিন্ন জেলায় বসবাস করেন, এমন অনেকের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিকাশ, নগদ ও রকেটের মতো জনপ্রিয় আর্থিক লেনদেন সেবাগুলো হঠাৎ ব্যবহার করতে না পেরে চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারির অংশ হিসেবে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী গ্রাহকরা গণমাধ্যমকে জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই তাদের ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টগুলো হঠাৎ ব্লক বা স্থগিত করে দেওয়া হয়েছে। এর ফলে দৈনন্দিন লেনদেন, হাতখরচ পাঠানো, ব্যবসায়িক লেনদেন এবং জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারছেন না তারা। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত গোপালগঞ্জ জেলার বাসিন্দারা এই আকস্মিক পদক্ষেপে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে যে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও আর্থিক খাতের বিশৃঙ্খলা রোধে এই বিশেষ তদারকি চলছে। তবে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা বলছেন, সবার ঠিকানা বা পরিচয় এক নয়।
এলাকার পরিচয়ে নিরীহ সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা মানবিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই কষ্টদায়ক। তারা অবিলম্বে এই জটিলতা নিরসন করে বৈধ গ্রাহকদের হিসাব দ্রুত সচল করার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত