খাগড়াছড়ির গুইমারায় প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে দুর্গম বাটনাতলী ইউনিয়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বাটনাতলী ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পশু-পাখির প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের প্রশিক্ষণ প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি পশু-পাখির রোগ ও মৃত্যুহার কমাতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সিন্দুকছড়ি সেনা জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত