মজিবুর রহমান,নেত্রকোণা: ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে,এমন স্লোগানে নেত্রকোনার কেন্দুয়ায় বাহরাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের কৃষকদের উদ্যোগে বাহরাইল বিল উপপ্রকল্পের নির্মাণাধীন ফার্ম অ্যাকসেস রোডের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে গ্রামের শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তাঁদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দুই ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হবে। এ কারণে প্রকল্প বাতিল না হলে 'জান দেব তবু ফসলি জমি নষ্ট হতে দেব না’ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আল আমিন, সাবেক ইউপি সদস্য আবু সালেক, কৃষক শহিদুল ইসলাম, জুয়েল রানা ও ফজু রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামত, কৃষিজমির ক্ষয়ক্ষতি ও কৃষি কার্যক্রমের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ সড়ক নির্মাণ করা হলে এলাকার দুই ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে জমির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে কৃষকেরা দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বেন। কিছু ব্যক্তি বিশেষের স্বার্থে কৃষকদের জীবন-জীবিকার ওপর আঘাত আসতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
কৃষকদের অভিযোগ, বাহরাইল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নম্বর-৩৯০, তারিখ ৭ জানুয়ারি ২০০৮) বর্তমানে কার্যত অকার্যকর। ব্যবস্থাপনা কমিটি না থাকায় সমিতির কার্যক্রমও স্থবির। এমন পরিস্থিতিতে সমিতির নাম ব্যবহার করে একটি মহল নিজেদের স্বার্থে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে।
তাঁদের দাবি, যে উদ্দেশ্যে ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রকল্প এলাকায় বাস্তবে কোনো কৃষি খামার, ডেইরি ফার্ম কিংবা মৎস্য খামার নেই। ফলে এ সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। কৃষিপণ্য পরিবহনের জন্য নওপাড়া বাজারথেকে জুড়াইল বাজার পর্যন্ত বিদ্যমান পাকা সড়ক রয়েছে। তাই নতুন করে ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণের প্রয়োজন নেই বলেও মনে করেন তাঁরা।
কৃষকেরা আরও জানান, প্রকল্পের স্থান নির্ধারণ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এর আগে তাঁরা প্রকল্প এলাকায় লাল নিশান উড়িয়ে প্রতিবাদ জানান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্পটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে জুড়াইল গ্রাম থেকে ইটাচকি গ্রাম পর্যন্ত ২ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যের বাহরাইল বিল উপপ্রকল্পের ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির মাঝামাঝি অংশে সম্প্রতি নির্মাণকাজ শুরু হলেও কৃষকদের বাধার মুখে জুড়াইল ও ইটাচকি অংশে কাজ এগোতে পারছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত