লিটন তালুকদার, কালাই জয়পুরহাট: কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সরকারি খাদ্যগুদামে চলতি মৌসুমের আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৬০৯ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী। এ সময় আব্দুর রশিদ নামের এক কৃষক তিন মেট্রিক টন ধান সরবরাহের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।
ধান দিতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন, ‘সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে ভালো লাগছে। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, ‘সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। প্রকৃত কৃষকেরা যাতে এ সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার বলেন, ‘চলতি মৌসুমে ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ও নিয়ম অনুসরণ করে কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, ট্যাগ অফিসার শানীম হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার, ক্ষেতলালে সংগ্রহ শুরু আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু ও কৃষক প্রতিনিধি সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত