লিটন তালুকদার, কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকদের বেতন কর্তনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার ছফির উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সহকারী শিক্ষকরা। এতে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদ্রাসাটিতে এ কর্মসূচি চলে।
মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নাইমা ইয়াসমিন ও সাদিয়া জানায়, দুপুর ১২টা থেকে তাদের ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষকদের বেতন সুপার কেটে দিয়েছেন বলে তারা শুনেছে। এ কারণে শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। তারা দ্রুত ক্লাস চালু করার পাশাপাশি শিক্ষকদের ন্যায্য বিচার দাবি করেন।

মাদ্রাসার সহকারী মৌলভী তোফাজ্জল হোসেন রতন অভিযোগ করে বলেন, দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় ২১ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন অকৃতকার্য হওয়ায় সুপার শিক্ষকদের বেতন থেকে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকারও বেশি কর্তন করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার ছফির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা পাস করলে শিক্ষকরা ১০০ শতাংশ বেতন পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। আর পাস না করলে বিধি মোতাবেক বেতন বন্ধ বা কর্তন করা হবে।
এদিকে, ক্লাস বর্জনের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানো হয়েছে। শিক্ষকদের বেতন কর্তনের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকদের নিয়ে আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা সমাধানের চেষ্টা করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন,শিক্ষকদের ক্লাস বর্জনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত