লিটন তালুকদার কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘিকে বৃহৎ ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে দিঘীটি পরিদর্শন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে চলতি অর্থবছরেই উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পুনট ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রস্তাবিত পর্যটন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, পর্যটকদের আকৃষ্ট করতে এবং তাদের বিনোদন ও ভ্রমণসুবিধা বাড়াতে দিঘির চারপাশে হাঁটার জন্য ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার, দুটি আধুনিক রেস্ট হাউস, পার্ক, ক্যাবল কার ও ব্যাটারিচালিত স্কুটারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রকল্পটি অনুমোদন পেলে আশা করা হচ্ছে, চলতি অর্থবছরেই এর বাস্তবায়নকাজ শুরু করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নান্দাইল দিঘিতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটবে। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিনোদনের নতুন দ্বার উন্মোচিত হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত