মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরাজিত ফ্যাসিস্টের দোসররা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নেত্রকোনা, কেন্দুয়া ও আটপাড়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
বার্তায় রফিকুল ইসলাম হিলালী বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর তাদের স্পষ্ট নির্দেশনা ছিল রাজনীতি হবে মানুষের কল্যাণে, কোনো ধরনের প্রতিহিংসা কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য নয়। অন্তর্বর্তী সরকার ও বিএনপির সময়েও তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছেন এবং কখনো ফ্যাসিস্টসুলভ আচরণ করেননি।
তিনি বলেন, বর্তমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিস্টের দোসর চক্র পুনরায় মাথাচাড়া দেওয়া কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ও চাঙ্গা থেকে এলাকার প্রতিটি ইঞ্চি পাহারা দিতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী লুকিয়ে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
বার্তার শেষাংশে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, দেখা হবে কাল ( আজ বৃহস্পতিবার) থেকে। নামছি নেত্রকোনা-কেন্দুয়া-আটপাড়ার রাজপথে। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত