রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান সমিতির নতুন কমিটির অভিষেক

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 26 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞান সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অভিষেক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১ নভেম্বর ২০২৬ ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক ও সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেদওয়ানুর রহমান, ইনস্টিটিউটের শিক্ষক ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ড. এস এম শফিউজ্জামান। এ ছাড়া ইনস্টিটিউটের সচিব, কর্মকর্তা, কর্মচারী ও ফেলোরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে পিএইচডি গবেষক তাসলিমা নাসরিনকে সহসভাপতি এবং পিএইচডি গবেষক মুহাম্মদ নাজমুল হুসাইন রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বিগত বছরের কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পূর্ববর্তী কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় সমিতির কোষাধ্যক্ষ, শিক্ষক, সচিব ও সদস্যবৃন্দ বিগত বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুসাইন রনি বলেন, “সবার আস্থা ও সম্মতির ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবেশবিষয়ক ইতিবাচক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনায় কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে।”

নতুন কমিটির সদস্যরাও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে ফেলোদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি, শিক্ষক, গবেষক ও সদস্যদের অংশগ্রহণে পিঠা উৎসব এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর