কালাই ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 23 minutes আগে
ছবি- লিটন তালুকদার।

লিটন তালুকদার কালাই জয়পুরহাট: জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। নিয়োগের আগের রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এতে দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাঁদের মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা।

কলেজ সূত্রে জানা গেছে, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাঁদের মধ্যে ছয়জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের একজন ছিলেন আবু রায়হান মণ্ডল, যাঁর বিরুদ্ধে নয়, বরং তাঁকে ঘিরেই ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্ধারিত সময় সকাল ১০টা হলেও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনও করেননি তিনি।

পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। তবে বোর্ডে কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন। তাঁর দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিফোনে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।