যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, চাপে ট্রাম্প

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে সেপ্টেম্বরে ৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। জ্বালানির দাম বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটারদের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত মূল্যস্ফীতির এই পরিসংখ্যান ট্রাম্প শিবিরের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, সাধারণ মানুষের নিত্যদিনের খরচের চাপ বৃদ্ধির কারণে ভোটারদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, যা ব্যালট বাক্যে প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতিতে এই মুদ্রাস্ফীতির চাপ কেবল অভ্যন্তরীণ রাজনীতিকেই প্রভাবিত করছে না, বরং বিশ্ব অর্থনীতিতেও এর বহুমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পরিস্থিতি সামাল দিতে নানা ধরনের নীতিগত পদক্ষেপের কথা বললেও মাঠপর্যায়ে তার সুফল পেতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। নির্বাচনী প্রচারণায় বিরোধীরা এই ইস্যুকে সামনে এনে বর্তমান প্রশাসনের অর্থনৈতিক ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করছে। ফলে আগামী নির্বাচনে এই মূল্যস্ফীতির পরিসংখ্যান যে একটি বড় নিয়ামক হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।