“হাত ধোয়ার নায়ক হন” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলার শার্শা উপজেলায় উদযাপিত হলো ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’। স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে র্যালি শেষে আয়োজিত হাত ধোয়া প্রদর্শনী ও বক্তব্যে বক্তারা দৈনন্দিন জীবনে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর গুরুত্ব তুলে ধরেন।
ইউএনও ফজলে ওয়াহিদ তাঁর বক্তব্যে বলেন, কোভিড-১৯ এর সময়ে আমরা হাত ধোয়ার গুরুত্ব উপলব্ধি করলেও অনেকেই এর সঠিক নিয়ম জানি না।

সাধারণত আমরা তাড়াহুড়ো করে মাত্র ২ থেকে ৫ সেকেন্ড হাত ধুই কিংবা অনেক সময় ধুইই না। অথচ বাইরে থেকে অপরিচ্ছন্ন পরিবেশ ঘুরে এসে না ধুয়ে খাবার খাওয়া বা ছোট বাচ্চাকে কোলে নেওয়া অত্যন্ত ক্ষতিকর; কারণ এতে কাপড়ে ও হাতে নানা ক্ষতিকারক জীবাণু লেগে থাকে।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের ধর্মেও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। সুস্থ জীবন ও রোগমুক্ত থাকতে যেকোনো কাজ বা খাওয়ার আগে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা অত্যন্ত জরুরি।
হাত ধোয়ার ৭টি সঠিক ধাপ তুলে ধরে তিনি বলেন, সাবান বা পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে হাতের তালু, উল্টো পিঠ, আঙুলের ফাঁক, বুড়ো আঙুলের চারপাশ এবং নখের ভেতর ভালোভাবে পরিষ্কার করতে হবে।
অন্তত ২০ সেকেন্ড বা তার বেশি সময় নিয়ে হাত ধুলে তবেই তা পুরোপুরি জীবাণুমুক্ত হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—সঠিকভাবে হাত ধোয়ার এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে শিশুরা নিজ দায়িত্বে এটি শিখে অন্যদেরও সচেতন করতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত