কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে বোনাস ও বকেয়ার দাবিতে অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 day আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ১ হাজার ১৭ জন শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে এ কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাঁতি ও আলন্তি উরাং বক্তব্য দেন।
বক্তারা বলেন,মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না।

পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। কিন্তু কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন,আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।