মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি পাঁচ মাস ধরে শূন্য পড়ে আছে। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার পরও অনেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষোভে ফুসে উঠছেন সেবাগ্রহিতারা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পাশাপাশি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও থমকে গেছে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল চলতি বছরের শারমিন বেগম এসিল্যান্ড বদলি হয়ে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।
তবে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত ভূমি অফিস করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে উপজেলার ৯টি ইউনিয়ন জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভূমি সেবা না পেয়ে ভুক্তভোগী সাইফুল ও আতিক বলেন, প্রায় দুই মাস আগে নামজারি জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কবে নাগাদ এটি সম্পন্ন হবে।
শুধু সাধারণ জনগণই নন, দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন। এক দলিল লেখক বলেন, প্রতিদিন সরাইল এলাকায় প্রচুর জমি কেনাবেচা হয়। কিন্তু নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না।
এসিল্যান্ড না থাকায় এসব কাজ আটকে আছে। সরাইল ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, উপজেলার অধীনে ৮টি সহকারী ভূমি অফিস রয়েছে, যা সহকারী কমিশনার (ভূমি) দ্বারা পরিচালিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে।
সরাইলের ভুমি সহকারী এক কর্মকর্তা বলেন, প্রায় ৫ মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমাখারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না, তাদের বোঝানোও কঠিন হয়ে পড়ছে।
নামজারির কাজ করাতে আসা সেবাগ্রহীতা মনির মিয়া আক্ষেপ করে বলেন, বেশ কিছুদিন আগে অনলাইনে এবং ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু এসিল্যান্ড না থাকায় কাজ কবে শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
জমি নিয়ে জরুরি কাজ আটকে আছে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন, সরাইল উপজেলা ভূমি অফিসের অধীনে ৮টি সহকারী ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কাজ উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে সম্পন্ন করতে হয়।
এসিল্যন্ড না থাকায় এসব অফিস থেকে সেবাপ্রার্থীদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মীর কামরুজ্জামান কবির এ প্রতিনিধি'কে বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে অফিসার পদায়ন করতে জেলা প্রশাসককে অফিসিয়ালি জানানো হয়েছে।
বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিগগিরই উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদায়ন করবেন বলে তিনি আশাবাদী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত