মহালছড়ির দুর্গম থলিপাড়া-ছাতিপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দেবতাপুকুর এলাকার দুর্গম থলিপাড়া ও ছাতিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহালছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্য, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এসব এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অসুস্থ রোগীকে কখনো কাঁধে করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয় বলেও জানান তারা। স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকায় জরুরি পরিস্থিতিতে ভোগান্তি আরও বেড়ে যায়।

মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসির নেতৃত্বে আয়োজিত ক্যাম্পটি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘এই দুর্গম এলাকায় এর আগে কোনো মেডিকেল ক্যাম্প হয়েছে বলে আমাদের জানা নেই। বিষয়টি জোনের নজরে আসার পর স্থানীয় মানুষের জন্য এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।’ তিনি জানান, ক্যাম্পে তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগব্যবস্থার কারণে অসুস্থ অবস্থায় দূরের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। মহালছড়ির থলিপাড়া ও ছাতিপাড়ার মেডিকেল ক্যাম্পটিও এ ধরনের কার্যক্রমের অংশ।

মন্তব্য লিখুন

আরও খবর