কমলগঞ্জে বিদ্যুতের লোডশেডিং আর ভূতুড়ের বিলে গ্রাহকরা দিশেহারা

প্রকাশিত: 2:20 pm , 13 August 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
প্রতিকী ছবি।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনের বিদ্যুত গ্রাহকরা লোডশেডিং আর ‘অস্বাভাবিক’ বিদ্যুৎ বিলের কারনে দিশেহারা হয়ে পড়েছেন। গ্রাহকরা অভিযোগ করেছেন, উপজেলা শহর থেকে গ্রাম সবখানেই দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে ৮ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুত থাকছে না। ভ্যাপসা গরমে একদিকে যেমন জনজীবন ওষ্ঠাগত, অন্যদিকে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের মানুষের জীবন অষ্টাগত হয়ে পড়েছে।

লোডশেডিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো। অন্ধকারে নিমজ্জিত থাকায় সন্ধ্যার পরপরই বাজারগুলো জনশূন্য হয়ে পড়ছে। কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় ৪০% বিদ্যুত কম পাওয়ার কারনে লোডশেডিং করতে হচ্ছে। অপরদিকে গত কয়েক মাস ধরে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে মনগড়া ও কাল্পনিক বিল তৈরির অভিযোগ উঠেছে কমলগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের বিরুদ্ধে।

এতে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ গ্রাহকদের মধ্যে। ভুতুড়ে বিল সংশোধন করতে গিয়ে বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ধরনা দিয়েও মিলছে না প্রতিকার, উল্টো চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

গ্রাহকের “ভূতুড়ে” বিদ্যুৎ বিলের কারনে ভোগান্তি সহ দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার অসংখ্য বিদ্যুৎ গ্রাহক ভৌতিক বিল নিয়ে বিপাকে পড়েছেন। “ভুতুড়ে” এই বিল সংশোধন করতে গিয়ে ও বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ধরনা দিয়েও মিলছে না প্রতিকার, উল্টো চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। ফলে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করছে।

জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ ৩টি সাব-ষ্টেশনের আওতায় ৭৫ হাজার ২০৪ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এরমধ্যে ২২টি চা বাগানও কয়েকটি ক্ষুদ্র প্রতিষ্টান রয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বাস্তবে ব্যবহৃত ইউনিটের সাথে বিদ্যুৎ অফিসের তৈরি করা বিলের কোনো মিল নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে, গত মাসের তুলনায় জুন মাসে বিল এসেছে তিন থেকে চার গুণ বেশি।

গ্রাহক ইমরান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার ছোট একটি দোকানে প্রতি মাসে সাধারণত ৫শ থেকে ৬শ টাকা বিল আসে। কিন্তু এবার জুন মাসে বিল এসেছে ৪ হাজার ৮শ টাকা। মিটারের রিডিং চেক করে দেখি, বিলে অনেক বেশি ইউনিট লিখে রাখা হয়েছে। অফিসে গেলে তারা সমন্বয় করে ১৮শ টাকার বিল ধরিয়ে দিয়েছে।

ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, আমার প্রতি মাসে বিল আসে ২ হাজার ২শ থেকে ২ হাজার ৫শ টাকা। তবে জুলাই মাসে বিল এসেছে ৫ হাজার টাকা, যা সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। একদিকে বিল বেশি এসেছে অন্যদিকে অতিরিক্ত লোডশেডিং। সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে।

গ্রাহক মশিউর রহমান চৌধুরী বলেন, দিনরাত মিলে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একদিকে গরম পড়েছে আর লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গরমের কারণে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, আমার নিয়মিত বিদ্যুৎ বিল ৮শ থেকে ১ হাজার টাকা। জুন ও জুলাই মাসে ১ হাজার ৫শ টাকার বেশি এসেছে।

সাজু মিয়া ও মন্নান আহমদ নামে দুই কারখানা ব্যবসায়ী জানান, এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে এক ঘণ্টা লোডশেডিং। শ্রমিকরা কাজে আসছেন তাদের দিন শেষে মজুরি দিতে হয়। তবে আমাদের কাজ হচ্ছে না। প্রতিদিন অনেক টাকা লোকসান হচ্ছে।

একই অবস্থা উপজেলার ভানুগাছ, মুন্সিবাজার, পতনঊষার ও আলীনগর,মাধবপুরসহ বিভিন্ন ইউনিয়নের। সাধারণ নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি বিলের বোঝা টানতে গিয়ে হিমশিম খাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের রিডাররা বাড়ি বাড়ি না গিয়ে একবারে কয়েক মাসের রিডিং একসঙ্গে অনুমানের ওপর ভিত্তি করে দিয়ে দিচ্ছেন। মাঠপর্যায়ে গিয়ে মিটারের প্রকৃত রিডিং না দেখেই অফিসে বসে এই বিল তৈরি করা হচ্ছে। যার ফলে গ্রাহকরা ‘স্ল্যাব’পরিবর্তনের গ্যাঁড়াকলে পড়ে যাচ্ছেন।

বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পার হলেই ইউনিটের দাম বেড়ে যায়। মাঠপর্যায়ের কর্মীদের গাফিলতির খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহককে।

কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার ঘোষ যোগাযোগ করা হলে তিনি গ্রাহকদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে বলেন, আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাচ্ছি।

আমাদের চাহিদা দিনের বেলায় ১৭ মেগাওয়াট পাচ্ছি ১১ ও রাতে ২১ মেগাওয়াট পাচ্ছি ১৩/১৫ মেগাওয়াট। অর্থাৎ মোট চাহিদা ২১ মেগাওয়াট কিন্তুু পাচ্ছি ১৩/১৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় ৩৫-৪০ শতাংশ বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি বলেন, আসলে বিল বেশি আসেনি। গ্রাহক যা ব্যবহার করেছেন তাই বিল এসেছে। আমরা বলেছি-মিটারের রিডিং অনুযায়ী বিল বেশি হলে বিষয়টি জানালে সমাধান করে দেওয়া হচ্ছে। মূলত গরমের সময় বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে।