ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী চালু করেছেন ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’।
শুক্রবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ শিক্ষার্থীরা।
কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশ নিতে দুই উপজেলায় রেজিষ্ট্রেশন করে মোট ২ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দুয়ায় ১ হাজার ৩৭২ জন এবং আটপাড়ায় ৯৮৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা যাচাই করে মেধাভিত্তিক গ্রুপ নির্ধারণের জন্য এ পরীক্ষা নেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি প্রোগ্রাম পরিচালনা করা হবে।
প্রোগ্রামের কো-অর্ডিনেটর কবি মোমেন এইচ বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা আগ্রহ ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে।
যারা আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারাও পরবর্তীতে কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের কোন টাকা পয়সা লাগবে না। সব খরচ সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয় বহন করবেন।
প্রোগ্রামের আহ্বায়ক মোখলেছুর রহমান বাঙালী বলেন, শিক্ষার্থীদের ইংরেজির দুর্বলতা কাটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ কর্মসূচি চালু করা হয়েছে। এ কার্যক্রমে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত