আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিললো এই দুর্লভ বানরের দলের। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শান্ত পরিবেশে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়া এলাকায় রেল লাইলের উপর দিয়ে নিজেদের স্বাভাবিক ভঙ্গিমায় তাদের এই চলাচলের মাধ্যেমে উদ্যানে তাদের বসবাসের জানান দিয়েছে।
স্থানীয়দের কাছে এদের বিচিত্র সব নাম রয়েছে, কেউ ডাকেন ‘কেশরওয়ালা সিংহ বানর’, কেউ ‘কুলু বান্দর’, আবার কারো কাছে এরা ‘উলু বান্দর’ বা ‘ছোট লেজি বানর’ নামে পরিচিত। সকালে শান্ত পরিবেশে নিজেদের স্বাভাবিক ভঙ্গিমায় তাদের এই চলাচল উদ্যানে আসা পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নিয়েছে।
শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো লেজ থাকার কারণেই এদের বাংলায় ‘উল্টোলেজি বানর’ বলা হয়ে থাকে। উল্টোলেজি বানর ইংরেজি ভাষায় এদের বলা হয় (Northern pig-tailed macaque) । বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান,সাধারণত ২০ থেকে ২৫টির ছোট-বড় সামাজিক দল নিয়ে গভীর বনে বাস করে এরা।
এরা খাবার হিসেবে পছন্দ করে বনের নানান ফলমূল ও গাছের কঁচিপাতা। লাউয়াছড়া উদ্যান ছাড়াও ও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্যে এখনও এদের কিছুটা উপস্থিতি রয়েছে।
আইইউসিএন (iucn)-এর তথ্যমতে: বৈশ্বিকভাবে ও সামাজিকভাবে এই প্রজাতিটিকে ‘সংকটাপন্ন’ (vulncrable) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী উল্টোলেজি বানর একটি সংরক্ষিত প্রাণী।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক আরো জানান, অতিসংকটাপন্ন ও বিপন্ন প্রজাতির উল্টোলেজি বানরের ছোট-বড় মিলিয়ে একটি দল বর্তমানে এখানে নিরাপদে বাস করছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে আমরা সতর্কতার সঙ্গে এদের গতিবিধি নজরদারিতে রাখছি। এছাড়া বন্যপ্রাণীর খাদ্য উপযোগী গাছের চারা রোপণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৯৬ সালে ১২৫০ হেক্টর জায়গা নিয়ে লাউয়াছড়া বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। সেই সময়ে লাউয়াছড়ায় ৪৬০ প্রজাতির জীববৈচিত্র্যের মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ছয় প্রজাতির সরীসৃপ,২৪৬ প্রজাতির পাখি,২০ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছে বলে উল্লেখ করা হয়।
দেশের অন্যতম জনপ্রিয় ও সমৃদ্ধ ট্রপিক্যাল রেইনফরেস্ট লাউয়াছড়া দেখতে প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটকের পদচারণা ঘটে। বনের গহীনে বিরল প্রজাতির এই উল্টোলেজি বানরের উপস্থিতি উদ্যানটির সমৃদ্ধ জীববৈচিত্র্যের এক উজ্জ্বল নিদর্শন।
উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা ও ট্রেন চলাচলে সচেতনতা নিশ্চিত করা গেলে এই বিরল প্রজাতির প্রাণীরা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখে লাউয়াছড়াকে আরও সমৃদ্ধ করে রাখবে এমনটাই প্রত্যাশা বনবিভাগ ও পরিবেশবাদীদের।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত