লালপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল স্থগিত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের পর প্রকাশিত ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় কর্তৃক জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ ফলাফল স্থগিত করার কথা জানানো হয়।

রাজশাহী ​বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ​ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে নাটোর জেলার আওতাধীন বাগাতিাপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত পরীক্ষার ফলাফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হলো।

​ এর আলোকে উক্ত ফলাফল স্থগিতকরণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

​উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট (বুধবার) নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ তুলে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ​

বিক্ষোভের একপর্যায়ে বাগাতিপাড়া ও লালপুরে ইউএনও কার্যালয়ের গেট, ফুলের টব ও দরজায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয় উপজেলার ইউএনও তাদের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।

ঘটনাটির সংবাদ ও ভিডিও ধারণ করতে গেলে বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হন এবং তাঁদের পেশাগত কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলন ও উত্তপ্ত পরিস্থিতির পরদিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভাগীয় প্রশাসন নাটোরের চারটি উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করল।

মন্তব্য লিখুন

আরও খবর