• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশিত: 7:20 pm , 17 August 2026, Monday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে সম্রাট (৩২) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থানারহাটের উত্তরে মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে। তিনি স্থানীয় ওয়েষ্টব্যাঙ্ক কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে সোমবার সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

এদিকে, কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য লিখুন