ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকায় পৌরসভার সিএস রেকর্ডভুক্ত খালের জায়গা দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালের ভেতরের অংশ দখল করে ভবন নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুনিয়াউট মন্ত্রীবাড়ি এলাকায় বর্তমানে একটি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ চলছে। অভিযোগ রয়েছে, প্রায় ১৮ ফুট প্রশস্ত খালের একাংশ ভরাট করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ সংকুচিত হয়ে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর প্রভাব ইতোমধ্যে আশপাশের সড়ক ও বসতবাড়িতে পড়তে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুমে আগে যেখানে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হতো, এখন সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘরে পানি জমে থাকে। খাল দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
অভিযোগ অনুযায়ী, নির্মাণাধীন ভবনটির জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুমোদন নেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরে পৌর কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়ে ঘটনাস্থলে সতর্কীকরণ ব্যানার টানিয়ে দেয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় ভবনটির ফ্ল্যাট বিক্রির কার্যক্রমও শুরু হয়েছে। ভবনটি নির্মাণ করছে "বিসমিল্লাহ বিল্ডার্স" নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান। নির্মাণস্থলে টানানো ফ্ল্যাট বিক্রির সাইনবোর্ডে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর মাহমুদ সবুর, মো. মাঈনুদ্দীন আহমেদ, মো. তাপস খান ও মো. শাহআলম-এর নাম উল্লেখ রয়েছে।
অভিযোগের বিষয়ে প্রথমে মোঃ তাপস খান জানান, আমাদের নির্মাণাধীন ভবন খালের জায়গায় পড়ে নি। এমনকি পৌরসভার কাজ বন্ধ করতে বলেছে, তাই কাজ বন্ধ রেখেছেন বলে দাবী করছেন।
সেখানে কাজ বন্ধ রাখতে পৌর কর্তৃপক্ষের নোটিশ টাঙানো থাকলেও ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর মাহমুদ সবুর বলছেন, ভবনের কাজ চলমান রয়েছে। কাজ বন্ধ নেই এবং তিনিও ভবন নির্মাণে খালের জায়গা দখলে নেই বলে জানিয়েছেন প্রতিবেদককে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম প্রতিবেদককে জানান, ভবন কর্তৃপক্ষ যদি পৌরসভার কাছে আবেদন দিয়ে থাকে, কর্তৃপক্ষ এখনো আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দেই নাই। আর যেহেতু অনুমোদন দেয়া হয়নি, সেহেতু কাজ করার কথাও না।
পৌরসভার সক্ষমতারও কিছু ঘাটতি আছে, ঠিকভাবে সবকিছু দেখবাল করতে পারছি না। তাই অনেকসময় অনুমোদন না নিয়ে কাজ শুরু করে দেয়। যখন সেখান থেকে নির্দিষ্ট অভিযোগ আসে তখন পৌরসভার লোক গিয়ে নোটিশ দিয়ে ব্যানার টাঙিয়ে কাজ বন্ধ রাখি।
তিনি আরো বলেন, যেহেতু পুনিয়াউট মন্ত্রীবাড়ি এলাকার সেই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে কিন্তু আদেশ না মেনে কাজ চলছে বিষয়টি খোঁজ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করব।
পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার স্বার্থে খাল দখলমুক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি মনে করছে স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত