আল-আমিন মিয়া, নরসিংদীঃ নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম নামে এক ৯ বছরের শিশু হত্যা মামলায় প্রধান আসামী সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্যস্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত