ত্রিশালে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ১ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মহান আন্তর্জাতিক মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে) সকালে উপজেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গো-হাটা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূইয়া। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম। র‌্যালির উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান মৃধা, জিয়াউল হাসান জামিলসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।