খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , ১৮ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত জানান, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

এসময় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত কার্যক্রম, অনলাইন ভূমিসেবা, নামজারি, খাজনা প্রদান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।