কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কসবার খাইরুল বাশার, তিন দিনেও মেলেনি জনপ্রতিনিধিদের খোঁজ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ১ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বারাইগ্রামে গত ২৮ এপ্রিল ভয়াবহ কালবৈশাখী ঝড়ে খাইরুল বাশার নামের এক বাসিন্দার বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে তার বসতঘর ও গাছপালাসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ক্ষতিগ্রস্ত খাইরুল বাশার জানান, হঠাৎ করে আসা ঝড়ে তার বাড়ির একটি টিনের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাড়ির আশপাশে থাকা বেশ কিছু মূল্যবান গাছ ভেঙে পড়ে যায়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। ঝড়ের সময় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটান।

তিনি অভিযোগ করে বলেন, “ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্থানীয় কোনো মেম্বার বা চেয়ারম্যান আমাদের খোঁজ নিতে আসেননি। কেউ কোনো ধরনের সহায়তার আশ্বাসও দেননি।”

স্থানীয়দের দাবি, কালবৈশাখী ঝড়ে ওই এলাকার আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে।