দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি আবু নাছের নিহত

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

২১ই এপ্রিল (মঙ্গলবার) সাউথ আফ্রিকার স্থানীয় সময় বিকাল আনুমানিক ৫ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক আততায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসী পালিয়ে যায়।

নিহত আবু নাছের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তিনি বাদামতলী গনু সারেং বাড়ি (জয়নাল মিয়া চেয়ারম্যান বাড়ি)-এর সন্তান। তার পিতার নাম মৃত আবদুর রশিদ মিয়া। এছাড়া তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মদিনা টাওয়ারের একটি ফ্ল্যাটের মালিক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চার পুত্র সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা করে আসছিলেন।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।