বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোডে শ্রমিকের মৃত্যু,শোকাহত শ্রমিকসকল

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ , ৮ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহাজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুরাতন ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে—এমন অভিযোগে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়নগুলো।

​গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ৩৮ নম্বর শেডের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ৮৯১-এর দুই শ্রমিক শাহাজান ও সোহেল একটি বাংলাদেশি ট্রাকে ভারী স্টিলের প্লেন সিট লোড করছিলেন।

হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে বিশাল ওজনের স্টিলের সিট তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাজান আলীর মৃত্যু হয়।

গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাজান বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

​দুর্ঘটনার পর থেকেই বন্দর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরাতন ও জরাজীর্ণ ক্রেন ও ফর্কলিফট ব্যবহারের কারণেই এই প্রাণহানি ঘটেছে।

এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ৮৯১ ও ৯২৫ শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে এই সর্বাত্মক কর্মবিরতি কার্যকর হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল, যা এই দুর্ঘটনার পর আরও কঠোর অবস্থানে রূপ নিয়েছে।

​এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​আজ বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বেনাপোল বলফিল্ড মাঠে মরহুম শাহাজান আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এই জানাজায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

​শ্রমিকদের অভিযোগ, গত দুই বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না।

বন্দরে ব্যবহৃত যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকায় একদিকে যেমন জীবনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পণ্য খালাস ব্যাহত হওয়ায় সরকারের রাজস্ব আয়ও হুমকির মুখে পড়ছে।