নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান এবং প্রস্তাবিত ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক খুচরা সার ডিলার অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও সদস্য লিটন মিয়া।

বক্তারা বলেন, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়। এর ফলে প্রান্তিক কৃষকরা সহজে ও দ্রুত সার সংগ্রহের সুযোগ পেতেন। তবে নতুন নীতিমালার কারণে দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী অভিজ্ঞ খুচরা বিক্রেতারা ব্যবসা হারানোর আশঙ্কায় রয়েছেন।

তাদের দাবি, নতুন নীতিমালা কার্যকর হলে একদিকে বহু মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তাই পূর্বের নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তারা।

কর্মসূচি শেষে বিক্রেতারা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।