• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন: নারীর প্রতি বৈষম্য ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন: নারীর প্রতি বৈষম্য ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ৭ মার্চ ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

দুর্বার নেটওয়ার্ক, খাগড়াছড়ি জেলা ও নারীপক্ষের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শনিবার (৭মার্চ ২০২৬) সকালে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নারীর প্রতি বৈষম্য, অমানবিক আচরণ এবং সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির দাবি তুলে ধরা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের ইতিহাসের সঙ্গে মানববন্ধনের বক্তব্যের সংযোগ করে বক্তারা স্মরণ করান, ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেলাই কারখানার নারীশ্রমিকরা বিপদজনক কর্মপরিবেশ ও স্বল্প মজুরি এবং দীর্ঘ সময় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

পরবর্তীতে এই আন্দোলন আন্তর্জাতিক নারী দিবসের ভিত্তি গড়ে তোলে, যা ১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতি পায়।

বাংলাদেশে নারী দিবস প্রায় ৩৫ বছর ধরে পালিত হয়ে আসছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা”।

বক্তারা বলেন, ১৯৭৩ থেকে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১৩টি জাতীয় সংসদ নির্বাচনে নারীর সরাসরি নির্বাচিত আসনের সংখ্যা প্রথাগতভাবে বৃদ্ধি পেয়লেও, ২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তা নাটকীয়ভাবে কমে গেছে। শুধুমাত্র ৮ শতাংশের কিছু বেশি নারী সরাসরি নির্বাচিত হয়েছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, নারীর সংরক্ষিত আসনে মনোনয়নের নীতিমালা লিখিত করা, সংসদীয় কমিটি ও নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এছাড়া নারীর উপর সহিংসতা, সাইবার হয়রানি এবং সামাজিক বৈষম্য বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) গীতিকা ত্রিপুরা, সঞ্চালনা করেন ওইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্য উখি চাকমা, এবং বক্তব্য রাখেন দুর্বার নেটওয়ার্কের নমিতা চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি সোনিয়া দাশ, ওইমেন এক্টিভিস্ট ফোরামের পিংকি বড়ুয়া, এবং খুরশিদা আক্তার।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী অধিকার ও সম-অধিকার নিশ্চিত করার জন্য আগামী সকল নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণ বৃদ্ধির প্রতি জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন।