বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ : আহত ১৫

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
প্রতিকী ছবি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পার্শ্ববর্তী মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়।

রীতি অনুযায়ী পরদিন মঙ্গলবার বিকেলে বরের বাড়িতে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের লোকজন দাওয়াত খেতে যান।

খাবার পরিবেশনের সময় প্লেটে মাংস কম দেওয়া এবং ভাতে দুর্গন্ধ থাকার অভিযোগ তুলে কনে পক্ষের লোকজন অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে কনের ছোট বোনও রয়েছেন।

লোকলজ্জার কারণে আহতদের বেশিরভাগই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তবে দু-একজন গোপনে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে বরের বাবা সবুজ মিয়া জানান, প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে বৌভাতের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান চলাকালে কনে পক্ষের লোকজন অহেতুক তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়, যার ফলে পুরো অনুষ্ঠান নষ্ট হয়ে যায়।

অন্যদিকে কনের চাচা গোলাম মোস্তফা ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ও লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।