বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ইউপিডিএফ সমর্থিত খাগড়াছড়ি জেলা শাখার ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে তৃষ্ণাঙ্কর চাকমাকে সভাপতি, প্রাঞ্জল চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুনীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ ২০২৬) খাগড়াছড়ি সদর এলাকায় দিনব্যাপী এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিসিপির সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।
এ সময় বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি ইউনিটের সংগঠক লালন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরণ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা এবং পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ক্যচিংহ্লা মার্মা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং সংগঠনের কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রস্তাবনার মাধ্যমে তৃষ্ণাঙ্কর চাকমাকে সভাপতি, প্রাঞ্জল চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুনীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। উপস্থিত প্রতিনিধিরা করতালির মাধ্যমে প্রস্তাবিত কমিটিকে অনুমোদন দেন।
পরবর্তীতে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক শান্ত চাকমা।
কাউন্সিলে বিভিন্ন উপজেলা শাখা থেকে প্রতিনিধি, পর্যবেক্ষক ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া সংগঠনের সাবেক শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরাও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত