কেন্দুয়ায় শহীদ বীরমুক্তিযোদ্ধা ও গণকবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

 

মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও গণকবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে প্রশাসনের চারটি দল একযোগে দুইজন শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর এবং তিনটি গণকবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে বলাইশিমূল ইউনিয়নের কচন্দরা গ্রামে শায়িত শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রনি, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, সাংবাদিক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল শাহার নেতৃত্বে নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে শায়িত শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুজ্জামান খান পাঠানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ লালচাঁনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজ খাদিজা খাতুনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকা এবং চিরাং ইউনিয়নের ধোপাগাতি গ্রামের বধ্যভূমি জিয়ারত করা হয়। সেখানে শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘চিরঞ্জিব’-এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম ভূঞা, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও কুহিনুর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানের নেতৃত্বে ঘোড়াইল গ্রামের বধ্যভূমিতেও জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রিফাতুল ইসলাম।

সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।