আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে আন্তর্জাতিক নারী দিবসে এক কর্মজীবি গৃহবধু নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গতকল রোববার (৮মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বটতল বাজারের সিসি টিভির ভিডিও চিত্রে অপহরনের চেষ্টাকারী যুবক ও প্রাইভেট কারের নাম্বার প্লেইটি স্পষ্ট দেখা গেলেও থানা পুলিশ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ও প্রাইভেট কার কিংবা যুবককে এখনো আটক করতে পারেনি। যা নিয়ে পুলিশের ভুমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় আসা যাওয়া করে এবং গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে বলেন।
তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি। নিশি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কম থাকায় তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে আসে এবং গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে।
তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। এ ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় গৃহবধুর স্বামী মো. মাসুদ পারভেজ বাদী হয়ে গাড়ীর নাম্বার যুক্ত করে (ঢাকা মেট্রো ক-০৩-৯৪৯৪ সহ অঞ্জত ড্রাইভার সহ ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত