• জাতীয় লিড নিউজ
  • ইউএনসিটিএডির মহাসচিব গ্রিনস্প্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরের সাক্ষাৎ

ইউএনসিটিএডির মহাসচিব গ্রিনস্প্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরের সাক্ষাৎ

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তারা সাক্ষাৎ করেন।

পরে বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

তারা উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে সবচেয়ে দরিদ্র দেশগুলো, যারা বহু বছরের অগ্রগতির বিপরীতমুখী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

তারা সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানান এবং দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।

কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে প্রার্থী। বৈঠকে তারা নিজেদের প্রার্থিতা সম্পর্কেও আলোচনা করেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।