সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাজী মুজিব

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বিশ্লেষকদের মতে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মানুষ নৌকার দুর্গ ভেঙ্গে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছেন আগামীর রাষ্ট্র নায়েক তারেক রহমানকে। আর শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী মনে করেন তারেক রহমানও তাদের মূল্যায়ন করবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তার নিকটতম প্রতিদ্বন্দির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭।

তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট।

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ আহমেদুজ্জামান আলম বলেন, এই নির্বাচন প্রমান করেছে হাজী মুজিবুর রহমান চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে। তার এই জনপ্রিয়তার মূলে রয়েছে ব্যক্তিগতভাবে তিনি সরলমনা, সৎ ও দুর্নীতি-চাঁদাবাজীকে প্রশ্রয় না দেয়া একজন মানুষ। পাশাপাশি তিনি কর্মী বান্ধব ও একজন ধৈষ্যশীল ব্যক্তি।

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মো: আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সরকার দলের রক্তচোখ উপেক্ষা করে হাজী মুজিবুর রহমান চৌধুরী ছিলেন মাঠে ময়দানে। এর জন্য তাকে বহুবার যেতে হয়েছে জেলে।

দীঘ দিন কারাবরণ করতে হয়েছে। তাছাড়া তিনি একজন কর্মী বান্ধব। ওই সময়ে জেলজুলুম ও অত্যাচারের শিকার সকল নেতাকর্মীর পাশে ছিলেন তিনি। সিলেট বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী দল এবার তাকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে মন্ত্রীসভায় স্থান দিবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, চা বাগানসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছে আশাকরি বিএনপি কেন্দ্রিয় হাই কমান্ড আমাদের এই আসনকেও মূল্যায়ন করবেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) জানান, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া।

এদিকে শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলার খুশালপুরস্থ নিজ বাসভবনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ফুলেল শুভেচ্ছা জানান।