• জাতীয় লিড নিউজ
  • ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিনটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে নির্বাচন উৎসবের আমেজে সম্পন্ন হবে। আল্লাহর রহমতে একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ভিডিও বা সুনির্দিষ্ট তথ্য পেলে তা খতিয়ে দেখা হবে। তার মতে, এবারের নির্বাচনে এ ধরনের অনিয়মের সম্ভাবনা খুবই কম, তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

কেন্দ্র দখলের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের তথ্য তাদের কাছে আসেনি। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।