নবীনগরে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
প্রতিকী ছবি।

জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে ইমন (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি (বাদ্যকরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসীম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর নিজ বাড়ির সামনে কয়েকজন সহযোগীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইমন। এ সময় সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইমনের শরীরের পেছনের অংশসহ তিনটি স্থানে গুলি লেগেছে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা রাজীব নাথ ঘটনাস্থল ঘুরে দেখেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ইমন বাড়ির সামনে অবস্থান করছিলেন, এমন সময় দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশায় এসে গুলি চালায়। শরীরের আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে এটি শর্টগানের গুলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরেও এ হামলা হয়ে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের দাবি, এর আগে বড়িকান্দির গণিশাহ দরবার শরীফের সামনে একটি হোটেলে সংঘটিত দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় ইমন সাক্ষী ছিলেন। সেই ঘটনার জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বড়িকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। মাঝেমধ্যেই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।