মায়া কান্নার জন্য নয়, হাদি হত্যার বিচারের দাবিতেই আমরা রাজপথে

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায়ও ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নকলা সাধারণ ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পৌর শহরের হলমোড় চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার এক মাস চার দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এটি রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন রাইয়্যান আল-মাহদী (অনন্ত)। তিনি বলেন,আমরা এখানে কোনো মায়া কান্না করতে আসিনি। আমরা এসেছি হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে।

সাধারণ ছাত্রজনতা হিসেবে আমরা চাই, অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।