• জাতীয় লিড নিউজ
  • ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

ভারতের চাপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তবে তা মেনে নেওয়া হবে না—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড অংশ নিতে পারে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসিফ নজরুল বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানে না।

তিনি বলেন, “আমাদের বাদ দিয়ে অন্য কোনো দলকে নেওয়া হবে—এমন কিছু আইসিসি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সে শর্ত মানবে না।”

আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও এমন উদাহরণ রয়েছে। “পাকিস্তানে খেলতে ভারত রাজি না হওয়ায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। যৌক্তিক কারণেই আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে আমাদের বাধ্য করা যাবে না,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকি ও আপত্তির পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। এর পর সরকারিভাবেই জানানো হয়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে চিঠি চালাচালি এবং আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি।