নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত ‘স্মৃতি অনির্বাণ’-এ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাহমুদুল হাসান। আলোচনায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা অর্জনে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তাঁরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।