মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আলোচিত নেত্রী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শেরপুর সদরকে চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি আধুনিক ও নিরাপদ আসনে রূপান্তর করতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এজন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা, যা কেবল জনগণের ভোটের মাধ্যমেই সম্ভব। “আমাদের শেরপুর সদর আসনকে চাঁদাবাজ ও বৈষম্য মুক্ত রাখতে হলে জনগণের শক্তিকে একটাই প্রতীকে-ধানের শীষে- একতাবদ্ধ করতে হবে। বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল।
জনগণ বিএনপিকে সমর্থন করছে বলেই আগামীতে দলটি সরকার গঠন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দল ক্ষমতায় গেলে জাতীয় নেতৃত্বে পরিবর্তন আসবে এবং দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।”
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলেই তিনি মনে করেন।
তিনি আরো বলেন- “আমি নারী এবং একজন চিকিৎসক। জনগণের সেবা করার মানসিকতা থেকেই এই রাজনীতিতে এসেছি। আমাকে যদি শেরপুরের মানুষ সংসদে পাঠায়, তাহলে এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং নারীদের সুরক্ষা জোরদারে বিশেষ উদ্যোগ গ্রহণ করব।”
প্রিয়াঙ্কা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শেরপুর সদরে নানামুখী বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এ আসনের উন্নয়ন পরিকল্পনা মানুষের মতামতের ভিত্তিতেই সাজানো হবে।
গত ২৮ নভেম্বর, শুক্রবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের এক পথসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ; স্থানীয় নারী-পুরুষ, যুবক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ প্রিয়াঙ্কার বক্তব্য শুনতে সমবেত হন।
পথসভায় উপস্থিত ছিলেন-সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা সকলেই একসুরে বলেন, শেরপুর সদরকে পরিবর্তন করতে হলে সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন, যা প্রিয়াঙ্কার মধ্যেই রয়েছে।
বক্তব্য ও পথসভা শেষে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির অঙ্গীকারও ব্যক্ত করেন স্থানীয় নেতারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত