ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়) এবং ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. নাঈম ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সম্পাদক পদে অন্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এ দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের প্যাডে প্রধান নির্বাচন কমিশনার মো. তানভীর আহমেদ তানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী বলেন, “দুই পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে না। আগামীকাল কেন্দ্রীয় ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।”
নবনির্বাচিত সভাপতি জিমি হৃদয় এবং সাধারণ সম্পাদক নাঈম ইসলাম দুজনেই দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
২৪ গণ-অভ্যুত্থানের রাজপথে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের সময় দুজনেই একাধিক রাজনৈতিক মামলার আসামি হন এবং জিমি হৃদয় কারাভোগও করেন।
তাঁদের নির্বাচনে বিজয়কে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন এবং কলেজ ছাত্রদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত