নবীনগরে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি সার ছিনতাই – হওয়া কার্গো জব্দ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্নান,বীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও বাজার এলাকায় কোটি টাকার সরকারি বিএডিসি’র ডিএপি সার ছিনতাই করে বিক্রির সময় প্রশাসনের তৎপরতায় কার্গো জাহাজসহ বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ৮ অক্টোবর মুন্সিগঞ্জের মোক্তারপুর ঘাট থেকে “এম.ভি. হাসান নৌ পরিবহন (এম-২৫২৭৪)” নামের একটি কার্গো জাহাজে ৬৩৪০ বস্তা ডিএপি সার বোঝাই করে সুনামগঞ্জের বিএডিসি গুদামের উদ্দেশ্যে রওনা হয়। প্রতি বস্তা সার ১,৪৫০ টাকা দরে এসব সারের মোট মূল্য প্রায় কোটি টাকার (৯১,৯৩,০০০ টাকা)।

যাত্রাপথে নরসিংদীর রায়পুরা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা কার্গোর ছয়জন নাবিক ও সার ডিলারের এজেন্টকে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে রেখে জাহাজটি ছিনতাই করে নেয়। পরবর্তীতে ছিনতাইকারীরা কার্গোটি মেঘনা নদী হয়ে নবীনগরের দিকে নিয়ে আসে এবং বিভিন্ন স্থানে সার আনলোড করে বিক্রির চেষ্টা চালায়।

নৌ পুলিশের একাধিক টিম ম্যানুয়াল ও প্রযুক্তিগত সহায়তায় মোবাইল লোকেশন ট্র্যাক করে নবীনগরের নোয়াগাঁও বাজারসংলগ্ন তিতাস নদীর শাখা দেওজুড়ী খালে সারবোঝাই কার্গোটি শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে প্রায় ৫,৫০০ বস্তা সার উদ্ধার করা হয়।

গোপন সূত্রে জানা যায়, কিছু সার ট্রলি যোগে আশপাশের গ্রাম ও বাজারে সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে শিবনগরের সানাউল্লাহর বাড়ি থেকে ৫০০ বস্তা এবং নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার মো. বোরহান উদ্দিনের গোডাউন থেকে প্রায় ৪০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকী সারের হদিস এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে কার্গোটি শিবনগরে সানাউল্লাহর বাড়িতে সার আনলোড করতে দেখা যায়। পরে বোরহান উদ্দিনের গোডাউনেও সার নামানো হয়। এলাকাবাসী বিষয়টি সরকারি মাল জানতেন না বলে দাবি করেছেন।

সরকারি ডিলার মো. বোরহান উদ্দিন বলেন,আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমার গোডাউনের চাবি সাব-ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই, বরং আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

 

অন্যদিকে সাব-ডিলার শিবলু বলেন, বোরহান ভাইয়ের গোডাউনের চাবি আমার কাছে থাকত। সানাউল্লাহ প্রতিদিন চাবি নিতে আসতেন। গতকালও তিনি চাবি নিয়েছেন, এরপর কী হয়েছে আমি জানি না।

এদিকে, সানাউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) আব্দুল আল মামুন জানান,আমরা অভিযান চালিয়ে সারবোঝাই কার্গো ও প্রায় ৫,৫০০ বস্তা সার উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। সারগুলোর মালিকপক্ষ নরসিংদীর রায়পুরা থানায় মামলা করেছে। মামলার অগ্রগতি ধাপে ধাপে তদন্তের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৯১ লাখ টাকার সরকারি ডিএপি সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের পাশাপাশি ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।