নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবুসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন — পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৮), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) এবং উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।

নবীনগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের একজন হিসেবে পরিচিত।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূর ইসলাম বলেন,পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা সম্রাট বাবু, তার স্ত্রী ও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক জানান,এলাকার সক্রিয় মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।