নবীনগরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাস্থ্য সহকারীদের দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর ২০২৫) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের (BHAA) উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নবীনগর উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন খান এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ফরহাদ, ফারজানা সুমী এবং মানসুরা মালা।

বক্তারা বলেন,
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ন্যায্য দাবিসমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গিয়েছি।”

তারা আরও জানান, তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সনদ/সমমান সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং
৬. ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

এই দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ইপিআই (সকল প্রকার টিকাদান কার্যক্রম), আসন্ন টাইফয়েড ক্যাম্পেইনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন।

কর্মবিরতির সময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারীদের শতাধিক সদস্য। তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।