নবীনগরে বিষাক্ত মৌ-মাছির কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
প্রতিকী ছবি

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত মৌ- মাছির কামড়ে তামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মেহেরুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুরে দিকে বাড়ির পাশের জুপজারে থাকা আঞ্চলিকভাবে ‘বলা’ নামের একটি বিষাক্ত মৌ-মাছি শিশুটির মাথায় একাধিকবার কামড়ায়। পরে তাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। বিষাক্ত মৌ-মাছি কামড়ানোর সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসা দিয়ে তাকে বাঁচানোর সুযোগ ছিল। তাই বিষাক্ত পোকা কামড়ালে দেরি না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।