চাকসুর ভিপি হলেন নাটোরের কৃতি সন্তান ইব্রাহিম রনি

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

সালাহ্ উদ্দিন, লালপুর (নাটোর): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভিপি পদে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার উপজেলার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুল ইসলাম।

চাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

ইব্রাহীম হোসেন (রনি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে, পারিবারিক জীবনে ইব্রাহীম হোসেন রনির, ২ ভাই ২ বোন, তিনি পরিবারের বড় সন্তান।

শিক্ষা জীবনে ইব্রাহিম রনি, বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মুরাদপুর পাঁচুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন।

এদিকে ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে নির্বাচিত হওয়ার খবর শুনে নাটোরে তার নিজ গ্রামে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছে এলাকাবাসী, এলাকাবাসীরা বলেন আমরা আশা করি আমাদের সন্তান রনি তার নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় তার জীবনের সমস্ত মেধা শ্রম বিলিয়ে দিবে।