খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল মার্কেটের অন্তত ১৯টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বেশিরভাগ দোকানই পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও কনফেকশনারি সামগ্রীর দোকানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। প্রাথমিক হিসেবে, অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিস ও দোকানমালিকদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপে বার্তা পাঠান। তার আহ্বানে সাড়া দিয়ে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানো ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার অফিসার ইনচার্জ (ওসি)। ইউএনও তাৎক্ষণিক সাড়া ও সাহসী ভূমিকার জন্য হিল ভিডিপি ও ভিডিপি সদস্যদের ধন্যবাদ জানান এবং উপজেলা প্রশিক্ষক আল-আমিনের তৎপরতার প্রশংসা করেন।
অন্যদিকে, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গভীর রাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এ ঘটনাকে শুধু দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত